গোপালগঞ্জে বাস ও মোটর সাইকেল সংঘর্ষে আরোহী নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে সালমান শেখ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সালমান শেখ মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের শহিদ শেখের ছেলে।
ওসি আবদুল্লাহ আল মামুন জানান, মোটর সাইকেলে করে সালমান শেখ তার বন্ধুকে নিয়ে বনগ্রাম বাজার থেকে লোহাইড় গ্রামে যাচ্ছিলেন। এসময় বনগ্রাম মুন্সী বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সালমান শেখ নিহত ও অপর একজন গুরুতর আহত হন।
ওসি আরো বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একজনকে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Comments