দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণে এক হাজার ১০৮ টাকা কমিয়ে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানিয়েছে, বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭শ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা ৫৬ হাজার ৮২২ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
Comments