গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনা স্লোগান, আয়োজক গ্রেপ্তার
গোপালগঞ্জের পৌর পার্কে পুলিশের অনুমতি না নেওয়া ও কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্লোগান দেয়ায় কনসার্টের আয়োজক এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকালে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে কনসার্টের আয়োজন করা হয়। এতে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন কলকাতার জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো 'সারেগামাপা'-তে অংশ নেওয়া মাইনুল আহসান নোবেল।
অনুষ্ঠান চলাকালে দর্শকসারি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়। এতে শেখ হাসিনা, শেখ হাসিনা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো কনসার্ট এলাকা। এসময় আয়োজকেরা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয়, এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। তবে স্লোগান বন্ধ না হওয়ায় পরে অনুষ্ঠান রাত সোয়া ৯ টায় বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় কনসার্টের আয়োজক এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হবীবুল্লাহ বলেন, কনসার্ট আয়োজনের আগে আয়োজকদের সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। তাঁদের অনুষ্ঠান না করার পরামর্শ দেওয়া হয়। তবে অনুষ্ঠান করতে হলে নিজস্ব পার্টি সেন্টারের ভেতরে ছোট পরিসরে আয়োজনের কথা বলা হয়েছিল।
পুলিশ সুপার আরো বলেন, আমাদের অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা সেখানে একত্রিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে হাফিজুর রহমান পিয়ালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments