আইফেল টাওয়ারে নারী কর্মীদের 'লুকিয়ে ফেলা': তদন্তের নির্দেশ ও প্যারিস মেয়রের দুঃখ প্রকাশ
হিন্দু ধর্মীয় সংগঠন বিএপিএস-এর প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে নারী কর্মীদের আড়ালে রাখার ঘটনায় চরম সমালোচনার মুখে পড়ে অবশেষে স্বাভাবিক হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারের কার্যক্রম। একদিনের প্রতীকী ধর্মঘট শেষে টাওয়ারটি পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এদিকে ফরাসি প্রজাতন্ত্রের সমতার নীতি লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে টাওয়ার কর্তৃপক্ষ।
ফ্রান্সে বিএপিএস-এর প্রথম বড় মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে গত সপ্তাহে দেশটিতে যান সংগঠনটির সদস্যরা। এই সফরকালে নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে পুরুষ কর্মীদের সেখানে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে।
আইফেল টাওয়ারের পরিচালনাকারী সংস্থা এসইটিই-এর তথ্য অনুযায়ী, বিএপিএস কর্তৃপক্ষ নারী কর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার অনুরোধ জানিয়েছিল। তবে টাওয়ার কর্তৃপক্ষ সেই শর্ত মেনে নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন কর্মীরা।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) এই ঘটনার প্রতিবাদে কর্মীরা আকস্মিক ধর্মঘটে গেলে দর্শনার্থীদের জন্য আইফেল টাওয়ার বন্ধ রাখা হয়।
কর্মীদের বিবৃতিতে বলা হয়, সফর চলাকালীন নারী কর্মীদের কেবল লিঙ্গ পরিচয়ের কারণে দায়িত্ব থেকে সরিয়ে, বদলি করে এবং আড়ালে রাখা হয়েছিল। হিন্দু প্রতিনিধি দলটির উপস্থিতিতে নারী কর্মীদের নির্দিষ্ট কিছু এলাকায় প্রবেশ বা চলাচল করতে নিষেধ করা হয়। এমনকি কাউকে কাউকে আলাদা কক্ষে অপেক্ষা করতে বলা হয়।
বিষয়টিকে ফরাসি মূল্যবোধ ও সমতা নীতির সম্পূর্ণ পরিপন্থী বলে উল্লেখ করে কর্মীরা জানান, ফ্রান্সের অন্যতম প্রধান প্রতীক হিসেবে আইফেল টাওয়ারের কর্মীদের সুরক্ষায় আরও দায়িত্বশীল হওয়া উচিত।
প্যারিসের ডেপুটি মেয়র এমানুয়েল গ্রেগোয়ার এই ঘটনাকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, এটি আইফেল টাওয়ারের মূল্যবোধের সঙ্গে যায় না এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
সংস্থার সভাপতি অ্যারিয়েল ওয়েইল জানিয়েছেন, বিএপিএসকে এমন অদ্ভুত সুবিধা দেওয়ার বিষয়টি তার জানা ছিল না। তিনি নারী-পুরুষের সমতা ও প্রজাতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সৃষ্ট বিতর্কের পর এক বিবৃতিতে বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা দুঃখ প্রকাশ করে জানায়, তাদের তরফ থেকে কাউকে প্রবেশে বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল না, তবে এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে তারা আন্তরিকভাবে দুঃখিত।
Comments