মাধ্যমিকের শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ নিয়ে মাউশির নির্দেশনা
মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে কোর্সটি সম্পন্ন করে সনদ সংগ্রহ করতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন কোর্সটি সম্পন্ন করতে হবে।
মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রশিক্ষণ কোর্সটি পাওয়া যাচ্ছে। শিক্ষকরা নিজেদের পিডিএস আইডি ব্যবহার করে প্ল্যাটফর্মে লগইন অথবা নিবন্ধন করে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
প্রশিক্ষণে অংশ নিতে প্রবেশ করতে হবে:
https://itlms.naem.gov.bd/my/scorm-courses
প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি মডিউল রয়েছে। এর মধ্যে শেষ মডিউলে শিক্ষার্থীদের যুক্ত করে একটি শ্রেণিকক্ষভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রম শেষ হওয়ার পর এর ছবি অথবা ভিডিও নির্ধারিত লিংকের মাধ্যমে জমা দিতে হবে।
শ্রেণি কার্যক্রম সম্পন্ন করার পদ্ধতিসহ প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।
ছয়টি মডিউল এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করার পর শিক্ষকরা অনলাইন থেকেই প্রশিক্ষণের সনদ সংগ্রহ করতে পারবেন। সনদে মাউশি ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।
Comments