শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। উদ্বোধনের প্রথম দিনেই এই টার্মিনাল ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে টার্মিনালটি পুরোপুরিভাবে চালু হতে আগামী বছরের মে মাস পর্যন্ত সময় লাগবে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তৃতীয় টার্মিনাল পরিচালনা করে অর্জিত আয়ের ২৭ শতাংশ বাংলাদেশ পাবে। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২০১৭ সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে বাংলাদেশ সরকার ৫ হাজার কোটি টাকা অর্থায়ন করেছে এবং বাকি অর্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ থেকে নেওয়া হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হয়েছিল এবং সে সময় ২০২৪ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গ চালুর কথা জানানো হলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। তবে আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে এটি পুরোপুরি চালু হবে বলে আশা করা হচ্ছে।
Comments