সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যোগদানের অপেক্ষায় থাকা ১৪ হাজারেরও বেশি নতুন শিক্ষকের পদায়ন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, '১৪ হাজারের বেশি নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে; তাদের পদায়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সব ধরনের বদলি কার্যক্রম স্থগিত থাকবে। নতুন শিক্ষকদের পদায়ন সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী বদলি কার্যক্রম পুনরায় চালু করা হবে।'
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষাপ্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে।
এ ছাড়া আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত 'মিড ডে মিল' বা দুপুরের খাবার চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Comments