প্রতিটি নাগরিকের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা ছাড়াল
চলতি বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ সদস্য রেজা আহমেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, জনগণের ওপর ঋণের এই বোঝা কমাতে সরকার রাজস্ব আয় বৃদ্ধি, অর্থায়নের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শৃঙ্খলাপূর্ণ ঋণ নীতি অনুসরণের ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে।
কর ও কর-বহির্ভূত রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর মাধ্যমে সরকারের নিজস্ব আয় বাড়িয়ে ঋণের প্রয়োজনীয়তা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ব্যয় আরও সাশ্রয়ী ও কার্যকর করতে অপ্রয়োজনীয় এবং কম অগ্রাধিকারপ্রাপ্ত খাতসমূহের ব্যয় নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সরকারি ঋণের সুদের হার ও ঝুঁকি কমাতে বাজারভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ ঋণ নীতি অনুসরণ করা হচ্ছে। এ ছাড়া সরকারি সিকিউরিটিজ বাজারকে আরও প্রতিযোগিতামূলক করা হচ্ছে। অতিরিক্ত ঋণ গ্রহণ এড়াতে সঞ্চয়পত্রের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি এর মুনাফার হার বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অপরিকল্পিত ঋণ গ্রহণ রোধে একটি সুনির্দিষ্ট বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ চলছে।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে উচ্চ সুদের ঋণের ওপর নির্ভরতা কমবে, সরকারের সুদ-ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং একটি ভারসাম্যপূর্ণ ঋণ পোর্টফোলিও গড়ে তোলা সম্ভব হবে।
Comments