বিটিভিতে কর্মী তালিকাভুক্তির বিজ্ঞপ্তি সাময়িক স্থগিত
বাংলাদেশ টেলিভিশন—বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন পদে কর্মী তালিকাভুক্তির বিজ্ঞপ্তি সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বিষয়টি ঢাকা জার্নালকে নিশ্চিত করেছেন বিটিভির মহাপরিচালকের কো-অর্ডিনেশন কর্মকর্তা আসিফা সিদ্দিকা।
সার্কুলারটির সত্যতা নিশ্চিত করে তিনি জানান, আপাতত বিজ্ঞপ্তিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে কী নির্দেশনা দেওয়া হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ।
বিটিভির অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে কোনো আপডেট দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। যারা ফোন করে জানতে চাইছেন, তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে, বিটিভির রিসেপশনেও কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না। পাশাপাশি, ডাকযোগে কেউ যেন আবেদন না পাঠান, সে বিষয়েও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে বিটিভির অনুষ্ঠান ও বার্তা বিভাগের কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করতে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয়টি ক্যাটাগরিতে কর্মী তালিকাভুক্ত করার কথা ছিল। পদগুলো হলো—অতিথি প্রযোজক, ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, নিউজরুম এডিটর, অনুষ্ঠান গবেষক এবং সংবাদ উপস্থাপক।
বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছিল।
তবে বিজ্ঞপ্তি সাময়িকভাবে স্থগিত হওয়ায় আপাতত এসব পদে আবেদন না পাঠানোর অনুরোধ জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আবেদন প্রক্রিয়া বন্ধ থাকছে বলেই নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
অন্যদিকে, সম্প্রতি বিটিভির লোগো পরিবর্তনের বিষয়টিও ব্যাপক আলোচনায় এসেছে। দীর্ঘদিনের পরিচিত লোগো পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
Comments