ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত আরও ৬
ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি বহনকারী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে বিস্ফোরণ ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন সানান্দাজের গভর্নর।
তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে হতাহতদের সংখ্যা জানানো হয়েছে। উদ্ধার ও তদন্ত কার্যক্রম শেষ হলে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।
ইরানে জ্বালানি বহনকারী ট্যাংকার ও যাত্রীবাহী বাসের দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দেশটির সড়ক অবকাঠামোর দুর্বলতা, পুরোনো যানবাহনের ব্যবহার এবং অতিরিক্ত ভারী যান চলাচলকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
২০১৮ সালে সানান্দাজের কাছে যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছিলেন।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বৈশ্বিক গড়ের তুলনায় অনেক বেশি। দেশটির সড়কের অবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া ২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং আহত হন প্রায় ৮ লাখ মানুষ।
Comments