তেভেজের বিদায়ী ম্যাচে একই দলে মেসি-রোনালদো
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াই চালিয়ে যাওয়া এই দুই তারকাকে একই দলের জার্সিতে দেখার ইচ্ছা বহুদিনের ফুটবলপ্রেমীদের। এবার সেই অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।
কার্লোস তেভেজের সম্ভাব্য বিদায়ী ম্যাচকে ঘিরেই দেখা দিয়েছে এই সুযোগ। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে বুয়েনস এইরেসের লা বম্বোনেরায় নিজের আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ আয়োজন করতে পারেন সাবেক আর্জেন্টাইন তারকা তেভেজ।
এই ম্যাচে বিশ্বের একাধিক খ্যাতনামা ফুটবলারকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সেই তালিকায় মেসি ও রোনালদোর নামও রয়েছে বলে জানা গেছে। তেভেজের সঙ্গে দুজনেরই রয়েছে মাঠের স্মৃতি এবং ব্যক্তিগত সম্পর্ক। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে এবং আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন তিনি। দুই তারকার সঙ্গেই তার বন্ধুত্বও বেশ ঘনিষ্ঠ।
তাই তেভেজের বিদায়ী ম্যাচে দুজনের উপস্থিতির সম্ভাবনা থাকলেও সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করছে অন্য একটি বিষয়—মেসি ও রোনালদোকে একই দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে কি না।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি লা বম্বোনেরায় আয়োজনের বিষয়ে তেভেজ ইতোমধ্যে বোকার সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে আলোচনা করেছেন। রিকেলমের কাছ থেকেও আয়োজনের অনুমতি মিলেছে। তেভেজের ক্যারিয়ারে এই স্টেডিয়ামের বিশেষ গুরুত্ব রয়েছে।
বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন তেভেজের ঘনিষ্ঠরা। আর্জেন্টিনা ও আন্তর্জাতিক ফুটবলের সাবেক-বর্তমান বহু তারকাকে এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তেভেজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সতীর্থ থাকা প্রায় ৬০ জন ফুটবলারকে আমন্ত্রণ জানানোর কথা ভাবা হচ্ছে।
লা বম্বোনেরায় তেভেজের স্মৃতিও কম নয়। এই স্টেডিয়ামে বোকার হয়ে ২৭৯টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৯৪টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৬ গোল।
বোকা জুনিয়র্সের হয়ে তেভেজের ক্যারিয়ারে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। এর মধ্যে রয়েছে ২০০৩ সালের কোপা লিবের্তাদোরেস, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ২০০৪ সালের কোপা সুদামেরিকানা। ঘরোয়া প্রতিযোগিতায়ও একাধিকবার সাফল্য পেয়েছেন তিনি।
২০২২ সালের জুনে খেলোয়াড়ি জীবন থেকে অবসরের ঘোষণা দেন তেভেজ। তবে বোকার জার্সিতে ২০২১ সালে শেষ ম্যাচ খেলার পর একটি আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ আয়োজনের বিষয়টি এতদিন অসম্পূর্ণই থেকে যায়। এবার সেই অধ্যায় শেষ করতে চান তিনি।
অবসরের পর কোচিং পেশায় যুক্ত হন সাবেক এই স্ট্রাইকার। রোজারিও সেন্ট্রাল, ইন্দিপেন্দিয়েন্তে ও তায়েরেসের দায়িত্ব পালন করেছেন তিনি। তায়েরেসের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে নতুন কোচিং সুযোগের অপেক্ষায় রয়েছেন তেভেজ।
এর মধ্যেই নিজের খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে বিদায়ী ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছেন তিনি। আর সেই ম্যাচে যদি সত্যিই মেসি ও রোনালদো একই দলের হয়ে মাঠে নামেন, তাহলে সেটি হয়ে উঠতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় প্রদর্শনী ম্যাচ।
Comments