ফ্যাসিবাদের পতনের পর ক্ষমতায় ফেরার ইতিহাস নেই: আমান উল্লাহ আমান
ফ্যাসিবাদী শক্তি জনগণের আন্দোলনে পরাজিত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফেরার কোনো নজির ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঘাটারচর রিয়াজ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি ঝাউলাবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে আয়োজিত র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আমান উল্লাহ আমান বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের যে ঐক্য গড়ে উঠেছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। জনগণের ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের শক্তিই এ পরিবর্তনের মূল ভিত্তি।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে দেশের ছাত্র-জনতা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলনের চেতনাকে সামনে রেখে রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন প্রয়োজন অনুযায়ী নতুন গ্যাসকূপ খনন ও বিদ্যুৎ গ্রিড সম্প্রসারণ না হওয়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় নতুন গ্যাসকূপ খনন ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে।
ঢাকা-২ আসনের উন্নয়ন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতামুক্ত করে একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। জনগণের নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম অগ্রাধিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Comments