আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কক্ষ থেকে একই পরিবারের তিন সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের নবজাতক সন্তান রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। তবে উদ্ধার হওয়া তিনজনের কারও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই বাসার একটি কক্ষ থেকে কয়েক দিন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ দেখতে পায় এবং সেগুলো উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments