‘শুধু কিতাব বা সংবিধান নয়, বাস্তবেই সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে’: স্বরাষ্ট্রমন্ত্রী
'শুধু কিতাব বা সংবিধান নয়, বাস্তবেই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, দেশের সবাই স্বাধীন নাগরিক, তাই কেউ এ দেশে সংখ্যালঘু নয়। সবাইকে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, রাষ্ট্রে সবাই সমানভাবে বাংলাদেশি হিসেবে পরিচিত এবং রাষ্ট্রীয় পরিচয়ই সবার আগে।
দেশের সামগ্রিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ সব অশুভ শক্তির বিরুদ্ধে রায় দিয়েছেন। বর্তমান সরকারের গত ছয় মাসের কার্যক্রমে দেশের সব ধর্মের মানুষের মধ্যে একটি চমৎকার ও বিশ্বমানের সহাবস্থান তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ধর্ম ও সংস্কৃতির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে, তবে রাষ্ট্রীয় পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের প্রধান পরিচয়। এরপরে আসবে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়। নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় না দিয়ে দেশের স্বাধীন ও সমান অধিকারের নাগরিক হিসেবে গর্ববোধ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
Comments