উল্টোপথে চলায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা
রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাফিক আইন লঙ্ঘন করে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে আইন অমান্যের দায়ে গাড়িটিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এই ঘটনা ঘটে। বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার এটিই প্রথম ঘটনা।
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সকাল ৯টা ৮ মিনিটে পতাকাবাহী 'রেঞ্জ রোভার' (ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫) গাড়িটি উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে চালককে জানান যে, এভাবে উল্টোপথ ব্যবহার করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পরে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার সময় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত নিজেই গাড়িতে উপস্থিত ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন চালক আরিফ হোসেন।
বিশেষ সূত্র জানায়, মন্ত্রীর গাড়িটি যখন আইন ভেঙে উল্টোপথে যাচ্ছিল, ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর পাশের সড়ক দিয়ে সম্পূর্ণ ট্রাফিক নিয়ম মেনে সচিবালয় অভিমুখে যাতায়াত করছিল।
অতীতে ভিআইপিদের যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে উল্টোপথে যাতায়াতের ঘটনা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হলেও এবারই প্রথম কোনো মন্ত্রীকে ট্রাফিক আইনের আওতায় আনা হলো। মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে এই আইনি ব্যবস্থার খবর সচিবালয় ও এর আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে এবং স্বাভাবিক নিয়মে সচিবালয়ে যাতায়াত করছেন, সেখানে একজন মন্ত্রীর গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনা দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জন্য একটি কঠোর ও স্পষ্ট বার্তা।"
Comments