আমাদের চোখ এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ডোনাল্ড ট্রাম্প
ইরানের প্রতিটি গতিবিধি যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারির আওতায় রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের পরিস্থিতি পুরোপুরি যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে রয়েছে এবং 'আমাদের চোখ এড়িয়ে তারা বাথরুমেও যেতে পারে না।'
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে বড় ধরনের হামলা ও পাল্টা হামলার ঘটনার পর ট্রাম্প এই মন্তব্য করেন। এই সংঘাতে ইরানে অন্তত ১৮ জন নিহত এবং প্রায় ১০৮ জন আহত হয়েছেন। তেহরান জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণ উপকূলীয় এলাকায় হামলা চালিয়েছে, এমনকি কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানেও হামলা হয়েছে বলে অভিযোগ করেছে তারা।
বর্তমান উত্তেজনা খুব বেশি দিন স্থায়ী হবে না বলে আশা প্রকাশ করে ট্রাম্প সতর্ক করেন যে, যুক্তরাষ্ট্র চাইলে 'যেকোনো সময়' ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুত রয়েছে। তিনি আরও দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, যা তেহরান এতদিন অবরুদ্ধ করে রেখেছিল।
ট্রাম্প বলেন, 'আমরা প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল নিয়ে নিরাপদে জাহাজ বের করে আনছি। মাঝেমধ্যে তারা ড্রোন ছুড়লে আমরা তা ভূপাতিত করি। তবে পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে।'
মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান তাদের রাডার, ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রে নতুন করে মাইন পাতার প্রস্তুতি নিচ্ছিল। হামলায় তাদের এসব সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, 'আমরা হরমুজ প্রণালির সব মাইন সরিয়ে দিয়েছি। তারা রকেটের সাহায্যে মাইন ফেলার অভিনব এক ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল, যা প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের নজরদারির কারণে আমরা তা আগেই দেখতে পেয়েছি এবং ধ্বংস করেছি।'
সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়াতে তেহরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।
এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির বিপরীতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এসব হামলা চালানো হয়। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে, ইরানি জনগণের ওপর মার্কিন আগ্রাসনের জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে।
এই সংঘাতে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানের নিরাপত্তাবিষয়ক প্রধান মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ পরিস্থিতিতে ইরান এবার 'নতুন কৌশল' গ্রহণ করেছে, যা মার্কিন ভিত্তিগুলো গুঁড়িয়ে দেবে।
Comments