বিশেষ সম্মানে মেসি, ১০ মিনিটে থামবে আর্জেন্টিনার সব ম্যাচ
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা মাঠে দাঁড়িয়ে দেননি লিওনেল মেসি। হাতে লেখা ডায়েরির ছেঁড়া কয়েকটি পাতা ও একটি সোনালি কলমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির বার্তা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
দেশের অন্যতম সেরা ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে মাঠ থেকে বিদায় জানাতে না পারার আক্ষেপ রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। সেই আক্ষেপ কাটাতেই এবার মেসিকে বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এএফএর পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহে আর্জেন্টিনার সব আনুষ্ঠানিক ম্যাচে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানানো হবে। ম্যাচের ১০ মিনিটে খেলা সাময়িকভাবে বন্ধ রেখে এক মিনিট করতালির আয়োজন করা হবে। মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতেই বেছে নেওয়া হয়েছে এই সময়টি।
শুধু পুরুষ দলের ম্যাচেই নয়, এএফএর অধীনে থাকা নারী ফুটবল, ফুটসাল ও বিচ সকারের ম্যাচেও একইভাবে মেসিকে সম্মান জানানো হবে। যেসব স্টেডিয়ামে বড় পর্দার ব্যবস্থা রয়েছে, সেসব ভেন্যুতে ম্যাচ শুরুর আগে প্রদর্শিত হবে মেসিকে নিয়ে এএফএর তৈরি বিশেষ একটি বিদায়ী ভিডিও।
প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসির ক্যারিয়ারের স্মরণীয় নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভিডিওর মাধ্যমে তাকে দেওয়া হয়েছে আবেগঘন বিদায়ী বার্তাও—দেশের মানুষকে একত্রিত করার জন্য ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, তার অভাব অনুভব করবে পুরো আর্জেন্টিনা।
২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় মেসির। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি দেশের হয়ে ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৮টি গোল।
জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে আছে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
তবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন আসে ২০২২ সালে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে পূরণ করেন ক্যারিয়ারের দীর্ঘদিনের স্বপ্ন। এর আগে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকাতেও শিরোপাজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। এছাড়া ২০২২ সালের ফাইনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের সোনার পদকও রয়েছে তার অর্জনের তালিকায়।
এবার মাঠে আনুষ্ঠানিক বিদায় না হলেও আর্জেন্টিনার ফুটবল তার সর্বকালের অন্যতম সেরা নায়ককে নিজেদের মতো করেই সম্মান জানাতে প্রস্তুত। মেসির ১০ নম্বর জার্সি ঘিরে এক মিনিটের সেই করতালি হয়ে উঠতে পারে আর্জেন্টাইন ফুটবলের এক আবেগঘন মুহূর্ত।
Comments