যুক্তরাষ্ট্রকে ‘মহা শয়তান’ আখ্যা দিল ইরান
ইরানের বেসামরিক স্থাপনায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে 'মহা শয়তানের' মতো আচরণকারী শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির সূত্রে জানা যায়, স্পিকার কালিবাফ দেশটির মিনাবের একটি স্কুল, লামার্দের একটি ক্রীড়া হল এবং কুহেস্তাকের একটি বিয়ের অনুষ্ঠানে সাম্প্রতিক মার্কিন হামলার তীব্র প্রতিবাদ জানান। এসব হামলায় শিশু ও সাধারণ নাগরিক নিহত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন,"কোনো শক্তি যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু বেছে নেয় এবং শয়তানের মতো হত্যা করে, তাহলে সে শয়তান। আর যদি এমনই কাজ করা কোনো জুনিয়র শয়তানকে সে সুরক্ষা দেয়? তবে সেটি হলো মহান শয়তান।"
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সিরিকের কুহেস্তাকে একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানান। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে অনেক পরিবার জড়ো হয়েছিল। বাঘাই জানান, ওই হামলায় অন্তত ৫০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। বিভিন্ন সূত্র জানিয়েছে, সিরিকের হামলায় সব মিলিয়ে প্রায় ৭০ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যার মধ্যে অন্তত চারজন নিহত এবং একটি শিশুও রয়েছে।
এই হামলার তীব্র জবাব দিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং সামরিক বাহিনী জর্ডান, ইরাকের এরবিল, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই উত্তেজনাকর পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।
Comments