বোতলজাত সয়াবিন তেল লিটারে ৫ টাকা বেড়ে হলো ২০৪ টাকা
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই নতুন দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে, যা এতদিন ছিল ১৯৯ টাকা। অর্থাৎ লিটারপ্রতি ভোক্তাকে অতিরিক্ত ৫ টাকা গুনতে হবে। সয়াবিন তেলের দাম বাড়লেও পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে আগের মূল্যেই পাম অয়েল বিক্রি হবে।
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের বৃদ্ধিকে এই মূল্যসমন্বয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ভোজ্যতেলের চাহিদার বড় অংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব দেশের বাজারে পড়ে।
ভোজ্যতেল দেশের অন্যতম প্রধান নিত্যপ্রয়োজনীয় পণ্য হওয়ায় সয়াবিন তেলের এই দাম বৃদ্ধির ফলে সরাসরি সাধারণ ভোক্তাদের ওপর চাপ বাড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দৈনন্দিন খাদ্য ব্যয়ে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
Comments