চট্টগ্রামের লালদিয়ায় দেশের প্রথম বিদেশি কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ শুরু
বিদেশি বিনিয়োগে চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ার চরে দেশের প্রথম কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ডেনমার্কের মায়ের্সক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এই মেগা প্রকল্পে ৭৬ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৩৪৮ কোটি টাকা) বিনিয়োগ করছে।
প্রকল্পের অবস্থান কর্ণফুলী নদীর ডান তীরে লালদিয়া চর এলাকায়, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৯ কিলোমিটার ভাটিতে গুপ্তা বাঁকের পরবর্তী এলাকায়। প্রকল্পের জন্য মোট ৪৯.১৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩২ একরে মূল টার্মিনাল, ৭.১৫ একরে কনটেইনার ইয়ার্ড এবং প্রায় ১০ একরে ট্রাক পার্কিং ও প্রি-গেট সুবিধা থাকবে। পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) ভিত্তিতে ডিবএফওটি (ডিজাইন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তর) পদ্ধতিতে এটি বাস্তবায়িত হচ্ছে। ২০২৯ সালের শেষ নাগাদ কাজ শেষ করে ২০৩০ সালে টার্মিনালটি চালুর পরিকল্পনা রয়েছে। চালুর পর এটি ৩০ বছর পরিচালনা করবে এপিএম টার্মিনালস (শর্ত সাপেক্ষে মেয়াদ আরও ১৫ বছর বাড়ানো যাবে)।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের মূল টার্মিনালগুলোতে সর্বোচ্চ সাড়ে ৯ মিটার ড্রাফট ও ২,৮০০ টিইইউএস ক্ষমতার জাহাজ ভিড়লেও, লালদিয়ায় সাড়ে ১০ মিটার ড্রাফটের প্রায় ৬,০০০ টিইইউএস ধারণক্ষমতার বড় জাহাজ ভেড়ানো সম্ভব হবে। ৬১৩ মিটার দীর্ঘ জেটিতে একসঙ্গে তিনটি ছোট বা দুটি বড় জাহাজ ভেড়ানো যাবে। এতে সাতটি গ্যান্ট্রি ক্রেনসহ প্রায় ৮০ ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকবে, যার বড় অংশই বিদ্যুৎ চালিত।
হামবুর্গ পোর্ট কনসাল্টিংয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম বন্দরের চার টার্মিনালে ৩৫ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে। লালদিয়া চালুর পর এতে আরও ৯ লাখ টিইইউএস সক্ষমতা যুক্ত হয়ে মোট সক্ষমতা প্রায় ৪৪ লাখ টিইইউএসে উন্নীত হবে।
প্রকল্পটিতে এপিএম টার্মিনালসের স্থানীয় অংশীদার হিসেবে যুক্ত রয়েছে কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেড। এই প্রকল্পে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সরাসরি কোনো অর্থ বিনিয়োগ করতে হচ্ছে না। চুক্তি অনুযায়ী, বন্দর কর্তৃপক্ষ টার্মিনাল চালুর আগে এককালীন ২৫০ কোটি টাকা ফি এবং হ্যান্ডলিংয়ের ওপর নির্দিষ্ট হারে রয়্যালটি (প্রতি কনটেইনার ২১ থেকে ২৩ ডলার) পাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়ত হামিম জানান, এটি চট্টগ্রাম বন্দরের পঞ্চম কনটেইনার টার্মিনাল, যা দেশের অর্থনীতিতে নতুন মাইলফলক যোগ করবে।
এর আগে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, লালদিয়া টার্মিনাল নির্মাণ সরকারের অর্থনীতির বড় লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে এবং চট্টগ্রামকে পুরো অঞ্চলের একটি আধুনিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলবে।
Comments