নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ ৪৮৫৮
নেপালে ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন এলাকা ও প্রতিবেশী ভারত থেকে মরদেহ উদ্ধারের পর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সর্বশেষ তথ্য প্রকাশ করে এ কথা জানিয়েছে নেপাল পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নুয়াকোটে ১৫৫, ধাদিংয়ে ৫৯, চিতাওয়ানে ৩৪৮, গোর্খায় ৬৬, তানাহুনে ৩৮, নাওয়ালপারাসি পূর্বে ২১৭ এবং নাওয়ালপারাসি পশ্চিমে ১৯০টি মরদেহ পাওয়া গেছে। ভারতের বিভিন্ন এলাকা থেকেও উদ্ধার হয়েছে ৯টি মরদেহ।
উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজ স্বজনদের শনাক্ত করতে পুলিশের ওয়েবসাইটে ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। পরিবারের কেউ নিখোঁজ থাকলে ওয়েবসাইটের তথ্য দেখে তাদের পরিচয় নিশ্চিত করার সুযোগ রয়েছে।
বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাতে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি তারা ত্রাণ বিতরণ ও উদ্ধার হওয়া মরদেহ সংরক্ষণের কাজেও অংশ নিচ্ছেন।
এ পর্যন্ত বন্যার কবল থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। ফলে নিখোঁজ ব্যক্তিদের নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
নতুন করে বন্যার আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকার অনেক পরিবারকে নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের কাজ চলছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।
গত বুধবার সকালে ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রবল স্রোতের সঙ্গে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ নিচু এলাকাগুলোতে ভেসে আসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার ছয় দিন পরও বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় তাদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
Comments