নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি আরও বেড়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৭৩৪টি মরদেহ ও মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। এখনও ২ হাজার ৪৯৮ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোববার (৩০ আগস্ট) সকালে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ সংখ্যা জানানো হয়। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর পানি বৃদ্ধি ও বন্যায় নেপালের বেশ কয়েকটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজদের সন্ধানে দুর্গত এলাকায় অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে পাহাড়ি অঞ্চলের দুর্গম ভূপ্রকৃতি, ক্ষতিগ্রস্ত সড়ক এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাবার, পানি ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দিতে কাজ করছেন সরকারি কর্মী, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা।
সাম্প্রতিক এই দুর্যোগকে নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে বন্যায় বিদেশি নাগরিকদেরও অনেকে নিখোঁজ রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভারতের ১৬৭ জন ও চীনের ৪০ জন। এছাড়া ইউক্রেনের ৮, জার্মানির ৪, মাল্টার ৪, যুক্তরাষ্ট্রের ৩, ইতালির ২, রাশিয়ার ২, স্পেনের ২, সুইজারল্যান্ডের ২ এবং তুরস্কের ২ নাগরিক রয়েছেন।
এ ছাড়া বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিককে উদ্ধার করা হয়েছে। আরও ২১ জনের জাতীয়তা বা পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজদের সন্ধান ও দুর্গত এলাকায় উদ্ধার-ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Comments