কাপ্তাই হ্রদে পানির চাপ, রাতেই খুলে দেওয়া হলো ১৬ গেট
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে দ্রুত বাড়ছে পানির উচ্চতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। শনিবার রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গেট খোলার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হওয়ায় পানির উচ্চতা বর্তমানে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে রাত ১০টার দিকে গেট খোলার পরিকল্পনা ছিল। তবে সন্ধ্যার পর পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই রাত ৮টায় গেট খুলে দেওয়া হয়।
এর আগে কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হ্রদে পানির পরিমাণ দ্রুত বাড়ছে। দুপুর ২টার দিকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল থাকায় রাত ১০টায় পানি ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে পানির উচ্চতা অস্বাভাবিক হারে বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
এদিকে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট বর্তমানে চালু রয়েছে। এসব ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে নিষ্কাশিত হচ্ছে।
হ্রদের পানির উচ্চতা আরও বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Comments