অর্থনৈতিক সংকট মোকাবিলায় ডলার বর্জনের ডাক খামেনির
অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতি মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পাশাপাশি মার্কিন ডলারের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
শুক্রবার (২৮ আগস্ট) সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তার বক্তব্যের বিষয়টি প্রকাশ করেছে।
খামেনি বলেন, নিষেধাজ্ঞা, অবরোধ ও সাম্প্রতিক সংঘাতের নানা চাপের মধ্যেও দেশের মানুষের প্রয়োজনীয় পণ্য ও সেবা নিশ্চিত করতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়। একই সঙ্গে অর্থনীতিকে আরও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
অর্থনৈতিক সংকট মোকাবিলার উপায় তুলে ধরে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে অর্থনীতিতে ডলারের গুরুত্বপূর্ণ ভূমিকা ধীরে ধীরে কমিয়ে আনতে হবে।
তিনি বলেন, দেশের অর্থনীতির মূল ভিত্তি হতে হবে 'প্রতিরোধী অর্থনীতি'। এ ক্ষেত্রে যতটা সম্ভব স্থানীয় উৎপাদনের ওপর নির্ভর করতে হবে। যেসব পণ্য দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন সম্ভব নয়, প্রয়োজন অনুযায়ী সেগুলো বিচক্ষণতার সঙ্গে আমদানি করা যেতে পারে।
খামেনি আরও বলেন, যুদ্ধ ও বাইরের চাপ ইরানের অর্থনীতিতে প্রভাব ফেললেও দেশের বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। এ জন্য বিশেষজ্ঞ ও জনগণের সহযোগিতা নেওয়ার পাশাপাশি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগাতে হবে।
তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতার ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, সময়োপযোগী প্রযুক্তি গ্রহণ এবং পুরোনো কিছু পদ্ধতি থেকে বেরিয়ে আসা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি বজায় রাখার ওপরও জোর দিয়ে খামেনি বলেন, হতাশা তৈরি করে বা সমাজে বিভাজন বাড়ায়—এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সরকারের নীতি ও কর্মকাণ্ডে শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক উন্নয়নকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
Comments