সম্পদ বিক্রি করে গ্রাহকদের বকেয়া বিমা দাবি পরিশোধ শুরু আগামী সপ্তাহে
সংকটে থাকা কয়েকটি বিমা কোম্পানির সম্পদ বিক্রি ও অন্যান্য আর্থিক সম্পদ নগদায়ন করে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের কার্যক্রম আগামী সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে ৭ থেকে ৮টি কোম্পানির গ্রাহকদের এই পাওনা বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুই দিনব্যাপী এক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এসব কথা বলেন। ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) এই কর্মশালাটির আয়োজন করেছে।
আইডিআরএ চেয়ারম্যান জানান, বিমা কোম্পানিগুলোর স্থাবর সম্পত্তি (যেমন জমি) বিক্রি এবং ট্রেজারি বন্ড ও এফডিআরের মতো আর্থিক সম্পদ নগদায়ন করে প্রাপ্ত অর্থ সরাসরি গ্রাহকদের দাবি পরিশোধে ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি কোম্পানির সম্পদ বিক্রির অর্থ আইডিআরের কঠোর তদারকিতে নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়েছে এবং তা আগামী সপ্তাহ থেকে বিতরণ শুরু হবে।
গ্রাহকদের দাবি পরিশোধে 'ফার্স্ট ইন, ফার্স্ট আউট' বা ক্রমানুসারে অগ্রাধিকার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ, যাঁর দাবি আগে জমা পড়েছে, তিনি আগে অর্থ পাবেন। কোম্পানিগুলোর দাবির তালিকা সংগ্রহ করে তা নিরপেক্ষ নিরীক্ষকদের মাধ্যমে যাচাই করা হয়েছে।
প্রতিটি কোম্পানির জন্য আলাদা ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং সেখানে স্বতন্ত্র নিরীক্ষক নিযুক্ত রয়েছে। ফলে কোম্পানিগুলোর সরাসরি ওই অর্থ ব্যয় করার কোনো সুযোগ নেই; আইডিআরার সরাসরি তত্ত্বাবধানে তালিকা অনুযায়ী গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে।
বকেয়া দাবি পরিশোধের ক্ষেত্রে বিশেষ উদাহরণ দিয়ে আইডিআরএ চেয়ারম্যান জানান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রায় ৩ হাজার কোটি টাকার পরিশোধহীন দাবি রয়েছে। এই বিপুল বকেয়ার কারণে বর্তমানে কোম্পানিটির প্রথম বর্ষের নতুন প্রিমিয়াম সংগ্রহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে গ্রাহকদের নবায়ন প্রিমিয়াম দেওয়ার সুযোগ বহাল রয়েছে।
তিনি আরও জানান, ফারইস্টের ফেনীর একটি জমি এবং কিছু বন্ড তরলীকরণ করে ইতিমধ্যে অর্থ হাতে পাওয়া গেছে। প্রাথমিকভাবে এই কয়েকশ কোটি টাকা দিয়েই আগামী সপ্তাহে তাদের গ্রাহকদের দাবি পরিশোধের কাজ শুরু হচ্ছে। এছাড়া কোম্পানিটির আরও বেশ কিছু জমি বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে; সেগুলো বিক্রি হলে পর্যায়ক্রমে বাকি দাবিগুলোও পরিশোধ করা হবে।
Comments