জাপানে স্থায়ী বসবাসের আবেদন ফি বাড়ল ১৯০০ শতাংশ
জাপানে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা অভিবাসী ও বিদেশিদের জন্য খরচ নাটকীয়ভাবে বাড়তে চলেছে। সম্প্রতি অভিবাসন আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে জাপান সরকার। গত মঙ্গলবার (২৫ আগস্ট) দেশটির মন্ত্রিসভায় নতুন ফি কাঠামো অনুমোদিত হয়েছে, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্থায়ী রেসিডেন্সি বা পারমানেন্ট রেসিডেন্সির আবেদনের ক্ষেত্রে। আগে এই আবেদন ফি ১০,০০০ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার টাকা) থাকলেও তা বাড়িয়ে এক লাফে ২০০,০০০ ইয়েন (প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা) করা হয়েছে। অর্থাৎ, আবেদন ফি এক ধাক্কায় ১৯০০ শতাংশ বা ২০ গুণ বৃদ্ধি পেয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, রেসিডেন্সি স্ট্যাটাস নবায়ন বা পরিবর্তনের ক্ষেত্রে ফ্ল্যাট রেটের প্রথা বাতিল করে অবস্থানের মেয়াদের ওপর ভিত্তি করে নতুন ফি নির্ধারণ করা হয়েছে। অথচ এর আগে মেয়াদ নির্বিশেষে যেকোনো নবায়নের জন্য ফ্ল্যাট ফি ছিল মাত্র ৬,০০০ ইয়েন (প্রায় ৪ হাজার ৭০০ টাকা)।
নতুন কাঠামো অনুযায়ী নবায়ন ও পরিবর্তনের ফিগুলো হলো:
- ৩ মাস পর্যন্ত মেয়াদ বৃদ্ধি: ১০,০০০ ইয়েন (প্রায় ৮ হাজার টাকা)
- ১ বছর মেয়াদের নবায়ন: ৩৩,০০০ ইয়েন (প্রায় ২৬ হাজার টাকা)
- ৩ থেকে ৫ বছরের কম মেয়াদ: ৬৪,০০০ ইয়েন (প্রায় ৫০ হাজার টাকা)
- ৫ বছর বা তার বেশি মেয়াদ: ৭৫,০০০ ইয়েন (প্রায় ৫৮ হাজার টাকা)
নতুন নীতিমালায় চরম আর্থিক বা মানবিক সংকটে থাকা আবেদনকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী, স্বীকৃত শরণার্থী, চরম আর্থিক সংকটে থাকা ব্যক্তি কিংবা একক অভিভাবক হিসেবে জাপানি নাগরিকের সন্তান লালন-পালন করছেন এমন কেউ আবেদন করলে তাঁদের জন্য ফি কমিয়ে স্থায়ী রেসিডেন্সির ক্ষেত্রে ২০,০০০ ইয়েন এবং নবায়নের ক্ষেত্রে ১০,০০০ ইয়েন নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি জাপান সরকার তাদের ইমিগ্রেশন ও স্থায়ী আবাসন নীতিমালায় কঠোর অবস্থান নিয়েছে। ফলে যারা দেশটিতে দীর্ঘমেয়াদে বসবাস করার পরিকল্পনা করছেন, ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন ফি কাঠামো তাঁদের জন্য বড় একটি আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
Comments