হইচই ছাড়াই নতুন সাইনিং বার্সেলোনার
তুর্কি ক্লাব ফেনারবাচে থেকে ক্রোয়েশিয়ান গোলকিপার ডমিনিক লিভাকোভিচকে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বার্সেলোনা। ৩১ বছর বয়সী এই শট-স্টপার লা লিগা চ্যাম্পিয়নদের সাথে চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। যার মেয়াদ থাকবে ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, 'ডমিনিক লিভাকোভিচের দলবদলের বিষয়ে ফেনারবাচে এসকে-র সাথে সমঝোতায় পৌঁছেছে এফসি বার্সেলোনা। ক্রোয়েশিয়ান এই গোলরকিপার ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চার মৌসুমে চুক্তিতে সই করেছেন।'
গত সপ্তাহ থেকেই লিভাকোভিচকে কাতালুনিয়ায় আনার আলোচনা জোরালো হতে শুরু করে। প্রাথমিক পরিকল্পনা ছিল চলতি মৌসুমে তাকে চুক্তিবদ্ধ করে অন্য কোথাও ধারে পাঠানো হবে এবং আগামী বছর ভয়চেখ শ্চেসনির চুক্তির মেয়াদ শেষ হলে তাকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে।
তবে সাম্প্রতিক দিনগুলোতে সেই ভাবনায় পরিবর্তন এসেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই ক্রোয়েশিয়ান শট-স্টপার চলতি সপ্তাহের শুরুতেই মেডিকেল টেস্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে কাতালুনিয়ায় পৌঁছান।
অবশেষে এই দলবদল রূপ নিল পূর্ণতায়। গত মৌসুমের শুরুর অর্ধে জিরোনায় ধারে খেলে যাওয়া লিভাকোভিচ এর মাধ্যমে পুনরায় লা লিগায় প্রত্যাবর্তন করলেন।
চুক্তির আর্থিক লেনদেনের বিষয়টি ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করা না হলেও বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে—এই অভিজ্ঞ তারকাকে ২ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে বার্সা। পারফরম্যান্সভিত্তিক শর্তাবলী (অ্যাড-অনস) পূরণ হলে ফেনারবাচেকে দিতে হবে আরও ২ মিলিয়ন ইউরো।
Comments