চ্যাম্পিয়ন্স লিগের ড্র আজ রাতে, কার ভাগ্যে কারা?
২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব শেষ হয়েছে। প্লে-অফের বাধা পেরিয়ে মূল পর্বের ৩৬ দলও এখন চূড়ান্ত। আজ বৃহস্পতিবার রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে হবে লিগ পর্বের ড্র। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ড্র অনুষ্ঠান।
মূল পর্বে ৩৬ দল
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে সরাসরি জায়গা পেয়েছিল ২৯টি দল। প্লে-অফ থেকে এসেছে আরও সাত দল।
সরাসরি জায়গা পাওয়া দলগুলো হলো—
ইংল্যান্ড: অ্যাস্টন ভিলা, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল।
ইতালি: ইন্টার মিলান, নাপোলি, এএস রোমা, কোমো।
স্পেন: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, অ্যাতলেটিকো মাদ্রিদ, রিয়াল বেটিস।
জার্মানি: বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আরবি লাইপজিগ, ভিএফবি স্টুটগার্ট।
ফ্রান্স: পিএসজি, লঁস, লিল।
নেদারল্যান্ডস: পিএসভি আইন্দহোভেন, ফেইনুর্দ।
পর্তুগাল: পোর্তো, স্পোর্টিং সিপি।
বেলজিয়াম: ক্লাব ব্রুগা।
চেক প্রজাতন্ত্র: স্লাভিয়া প্রাগ।
তুরস্ক: গালাতাসারাই।
ইউক্রেন: শাখতার দোনেৎস্ক।
প্লে-অফ থেকে মূল পর্বে উঠেছে সাবাহ, বোডো/গ্লিমট, লাস্ক, এইকে এথেন্স, ভাইকিং, স্লোভান ব্রাতিস্লাভা ও ফেনেরবাচে।
যেভাবে হবে ড্র
৩৬টি দলকে উয়েফা ক্লাব কো-এফিসিয়েন্টের ভিত্তিতে চারটি পটে ভাগ করা হয়েছে। গত মৌসুমের চ্যাম্পিয়ন হিসেবে পিএসজি রয়েছে প্রথম পটে।
লিগ পর্বে প্রতিটি দল চারটি পট থেকেই দুটি করে প্রতিপক্ষ পাবে। ফলে প্রত্যেক দল খেলবে মোট আটটি ম্যাচ—চারটি ঘরের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে।
তবে একই দেশের দুটি দল একে অপরের বিপক্ষে খেলবে না। অর্থাৎ ইংল্যান্ডের কোনো দল ড্রতে অন্য ইংলিশ ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পাবে না।
লিগ পর্ব শেষে কী হবে?
সব ৩৬ দলকে একটি অভিন্ন লিগ টেবিলে রাখা হবে। আট ম্যাচ শেষে পয়েন্ট ও পারফরম্যান্সের ভিত্তিতে অবস্থান নির্ধারিত হবে।
টেবিলের ১ থেকে ৮ নম্বরে থাকা দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। ৯ থেকে ২৪ নম্বর দল খেলবে নকআউট পর্বের প্লে-অফ। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দল ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বিদায় নেবে।
তাই শুরুতেই পাওয়া প্রতিপক্ষগুলো একটি দলের পুরো মৌসুমের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে।
গুরুত্বপূর্ণ সূচি
ম্যাচডে ১:৮-১০ সেপ্টেম্বর
ম্যাচডে ২:১৩-১৪ অক্টোবর
ম্যাচডে ৩:২০-২১ অক্টোবর
ম্যাচডে ৪: ৩-৪ নভেম্বর
ম্যাচডে ৫: ২৪-২৫ নভেম্বর
ম্যাচডে ৬: ৮-৯ ডিসেম্বর
ম্যাচডে ৭:১৯-২০ জানুয়ারি
ম্যাচডে ৮: ২৭ জানুয়ারি
নকআউট প্লে-অফ:১৬-১৭ ও ২৩-২৪ ফেব্রুয়ারি
শেষ ষোলো:৯-১০ ও ১৬-১৭ মার্চ
কোয়ার্টার ফাইনাল: ৬-৭ ও ১৩-১৪ এপ্রিল
সেমিফাইনাল: ২৭-২৮ এপ্রিল ও ৪-৫ মে
ফাইনাল: ৫ জুন, মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়াম
উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে ড্র অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।
Comments