নেপালে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যা: ২০ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০
নেপালে শক্তিশালী পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি বিভিন্ন দেশি-বিদেশি পর্যটকসহ প্রায় ৪০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত হালনাগাদ তথ্যে জানানো হয়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। নিখোঁজ বিদেশিদের তালিকায় যুক্তরাজ্যের ১২ জন নাগরিকের নাম রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে দেশটির রাজধানী কাঠমাণ্ডুর উত্তরে অবস্থিত রসুয়া জেলায় এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। পুলিশের বরাত দিয়ে সিএনএস জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, ভূমিকম্পের পরপরই তুষারধস শুরু হয় এবং এর প্রভাবে আকস্মিক বন্যা দেখা দেয়। তবে এ সংক্রান্ত তথ্যগুলো এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। সীমান্তে উভয় পাশেই জোরদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা ও বর্তমান অবস্থান নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, দুর্যোগের এই ঘটনায় নেপালের পাশাপাশি চীনও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে নেপাল সরকারের পক্ষ থেকে চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
নিখোঁজদের তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। এর মধ্যে ২৬ জন পুলিশ সদস্য, ৯ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। এ ছাড়া কাস্টমস ও ইমিগ্রেশনের বেশ কয়েকজন কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। নিখোঁজদের উদ্ধারে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দলগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে।
Comments