বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের বর্ণাঢ্য কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এর আগে রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলের একটি গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী আলোচনা সভার আয়োজন করবে দলটি।
উপযুক্ত দিনে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ভারপ্রাপ্ত মহাসচিব জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও কিছু কর্মসূচির খসড়া প্রস্তুত করা হয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সেগুলো আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের স্বাধীনতার লড়াইয়ে জিয়াউর রহমান জাতিকে উজ্জীবিত করেছিলেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে প্রেরণা জুগিয়েছিলেন।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের এক ভয়াবহ ক্রান্তিকালে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে তিনি বহুদলীয় গণতন্ত্র, মানুষের বাকস্বাধীনতা এবং হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। "স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র"—এই তিন প্রত্যয় সামনে রেখে প্রতিষ্ঠিত বিএনপির চেতনা ধারণ করে দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Comments