অপরাধ দমনে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়- স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জনগণ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, অপরাধ দমনের ক্ষেত্রে রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না।
আজ বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে ভঙ্গুর অবস্থায় পাওয়া গিয়েছিল, গত ছয় মাসে তাদের মনোবল অনেকখানি ফিরেছে। পুলিশসহ অন্যান্য বাহিনী এখন পূর্ণ শক্তিতে অপরাধ দমনে কাজ করছে। ভালো কাজের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কার ও পদক দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অপরাধ দমনে 'দুষ্টের দমন, শিষ্টের পালন' নীতি অনুসরণ করছে।
রংপুরের আলোচিত হত্যাকাণ্ড এবং মিরপুরের শিশুধর্ষণ ও হত্যা মামলার উদাহরণ দিয়ে তিনি জানান, যৌক্তিক সময়ের মধ্যেই জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়ন করা, তাদের মনোবল বাড়ানো এবং জনগণের সেবক হিসেবে গড়ে তোলার কাজ চলছে। একই সঙ্গে এসব বাহিনীর জবাবদিহি ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করার ওপর জোর দিয়ে তিনি বলেন, তাঁর আদর্শেই শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রকৃত শিক্ষা রয়েছে।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধী যতই ক্ষমতাশালী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মানুষ দেশে শান্তিপূর্ণ পরিবেশ চায় এবং মাদক ও অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র যেন আইনের হাত থেকে রেহাই না পায়, সেটি সরকারকে নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অপরাধীদের গ্রেপ্তার করার পাশাপাশি এই ধরনের অপরাধী চক্র কোথা থেকে তৈরি হচ্ছে এবং তাদের পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করে নির্মূল করতে হবে।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Comments