প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরী নির্দেশনা
'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬' নিয়ে দেশব্যাপী প্রচার কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের স্কুল, কলেজ, মাদরাসা এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে বিভিন্ন প্রচারসামগ্রী প্রদর্শন ও প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এতে জানানো হয়, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজিত সভায় প্রতিযোগিতাটির প্রচার-প্রচারণা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিপত্রে প্রতিযোগিতার লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন মাঠপর্যায়ে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে। এসব প্রচারসামগ্রী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটক, দর্শনীয় স্থানসহ গুরুত্বপূর্ণ জায়গায় প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির শারীরিক শিক্ষা উপপরিচালক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যকরভাবে প্রচারণা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রচারণা কার্যক্রম বাস্তবায়নে মাউশির দেওয়া নির্দেশনাগুলো হলো—
১. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে গোল্ডকাপের ব্যানার প্রদর্শন করতে হবে।
২. প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার টানাতে হবে।
৩. মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলো নিজেদের আওতাধীন এলাকায় গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের ব্যবস্থা করবে।
৪. শ্রেণিকক্ষে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিযোগিতা সম্পর্কে জানাতে হবে।
৫. প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও প্রতিযোগিতা সংক্রান্ত তথ্য ও নির্দেশনা প্রকাশ করতে হবে।
৬. শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগিতার প্রচারণা চালাতে হবে।
৭. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬' নিয়ে প্রচার করতে হবে।
মাউশি জানিয়েছে, প্রতিযোগিতাকে ঘিরে মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
Comments