অনুমোদন ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ গঠন অবৈধ: বিসিবি
দেশের বিভিন্ন জেলায় ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের নামে বিভিন্ন কার্যক্রম চালানোর বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে এসেছে। এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের কোনো সংগঠন বা উদ্যোগের সঙ্গে বোর্ডের অনুমোদন, স্বীকৃতি কিংবা কোনো ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা নেই। ফলে এসব সংগঠনকে বিসিবি অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা হবে না।
বিসিবির সংবিধান অনুযায়ী, দেশের ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণ ও সমন্বয়ের পাশাপাশি বোর্ড নির্ধারিত কাঠামোর অধীনে আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা গঠনের দায়িত্ব বিসিবির। একই সঙ্গে বোর্ডের অনুমোদিত ক্রিকেট সংস্থাগুলোকে স্বীকৃতি দেওয়া এবং তাদের কার্যক্রম তদারক ও নিয়ন্ত্রণের ক্ষমতাও বিসিবির রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিসিবির অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুযায়ী গঠিত জেলা ক্রিকেট সংস্থাকেই স্বীকৃতি দেওয়া হবে। এসব সংস্থাকে জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, যুব ও বয়সভিত্তিক ক্রিকেটসহ বিসিবি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি নিজ নিজ এলাকায় ক্রিকেট লিগ আয়োজন করতে হবে।
কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকেই জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করার বিধান রয়েছে।
বিসিবি স্পষ্ট করেছে, বোর্ডের অনুমোদন ও স্বীকৃতি ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা কমিটি নিজেদের 'জেলা ক্রিকেট সংস্থা' হিসেবে পরিচয় দিলে সেটি বিসিবির সংবিধানের পরিপন্থী হিসেবে গণ্য হবে। এমন কোনো সংগঠন বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবেও স্বীকৃতি পাবে না।
Comments