পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডের নবজাতক পরিচর্যা কেন্দ্র বা নার্সারিতে এ আগুন লাগে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় সেখানে ১৬ নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
প্রাথমিকভাবে হাসপাতালের নার্সারিতে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়েছে বলে উদ্ধারকারী সূত্র জানিয়েছে। তবে হাসপাতালের একজন মুখপাত্র আগুনের সম্ভাব্য কারণ হিসেবে শর্ট সার্কিটের কথাও জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালটিতে কুলিং কার্যক্রম চালানো হয়। ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্তের পাশাপাশি হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
Comments