ক্রিটের উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলের কাছে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও রয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছাকাছি সমুদ্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
গ্রিসের কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে। পরে কোস্টগার্ডের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করেন।
প্রাথমিকভাবে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জনকে উদ্ধারের খবর দিয়েছিল। তবে পরবর্তী সময়ে কোস্টগার্ড জানায়, মোট ৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে গ্রিসে প্রবেশের ক্ষেত্রে ক্রিট ও কাছের গাভদোস দ্বীপ গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোস দ্বীপের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।
গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমন আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে প্রায় ৬১ হাজার মানুষ গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এই সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।
ইউরোপের দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে অনিয়মিত অভিবাসন ঠেকাতে নীতি আরও কঠোর করেছে। এ ক্ষেত্রে লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসও অবৈধভাবে অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাইরে অভিবাসীদের আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য 'রিটার্ন হাব' স্থাপনের বিষয়েও জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।
সূত্র: এএফপি
Comments