ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত
ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণের জন্য খুব দ্রুত একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।
নতুন এই নীতিমালায় ব্যাটারিচালিত রিকশাগুলো কোথায় ও কতটুকু এলাকায় চলাচল করতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা কেমন হবে এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান জানান, সরকারের পরিবর্তনের পর থেকে ঢাকায় ব্যাটারিচালিত রিকশাগুলো প্রধান সড়কগুলোতে অবাধে চলাচল শুরু করেছে। এতে মানুষের যাতায়াতে কিছু সুবিধা তৈরি হলেও তীব্র যানজটসহ নানা অসুবিধাও দেখা দিয়েছে। তাছাড়া চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং যানগুলোর কারিগরি নিরাপত্তা ও মান নিয়েও প্রশ্ন রয়েছে। সরকার খুব দ্রুত নীতিমালা প্রণয়নের মাধ্যমে এই খাতে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলার আশা প্রকাশ করছে।
সংবাদ সম্মেলনে সরকারের অন্যতম প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচি 'ফ্যামিলি কার্ড'-এর দ্বিতীয় পর্যায় শুরুর কথাও তুলে ধরেন উপদেষ্টা। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
তিনি জানান, চলতি অর্থবছরে দেশের মোট ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে এবং এই কর্মসূচিতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থিক সহায়তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষের হাতে এই অর্থ পৌঁছালে তা দ্রুত বাজারে ব্যয় হবে। এর ফলে বাজারে চাহিদা তৈরির পাশাপাশি নতুন ব্যবসা, শিল্প এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা পুরো অর্থনীতিতে বহুগুণ ইতিবাচক প্রভাব ফেলবে।
Comments