প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন
চট্টগ্রামে প্রথম কর্মদিবসেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন নতুন জেলা সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় তার অ্যাম্বুলেন্সের সঙ্গে ৮ নম্বর মিনিবাসের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন তার স্ত্রী ডা. লুবনা।
স্থানীয় সূত্র জানায়, ডা. সাজেদুর রহমান ও তার স্ত্রী অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসছিলেন।
অ্যাম্বুলেন্সটি কুমিরা ইউটার্ন এলাকায় পৌঁছালে অলংকার থেকে সীতাকুণ্ডগামী ৮ নম্বর মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের কাচ ভেঙে ডা. লুবনা আহত হন।
পরে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রীকে হাসপাতালে রেখে নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্বে যোগ দেন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, সোমবারই চট্টগ্রাম জেলা সিভিল সার্জন হিসেবে ডা. সাজেদুর রহমানের প্রথম কর্মদিবস ছিল। নতুন কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে কুমিরা রয়েল গেট এলাকায় দুর্ঘটনায় তার স্ত্রী আহত হন।
বারো আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জাকিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ৮ নম্বর মিনিবাসটি জব্দ করা হয়েছে। সিভিল সার্জন ভালো আছেন।
Comments