অনুমোদন ছাড়া গড়ে ওঠা বেসরকারি হাসপাতালে সিডিএর সাঁড়াশি অভিযান
চট্টগ্রামে আবাসিক এলাকায় নকশা ও অনুমোদন ছাড়া ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানের সময় নকশাবহির্ভূত ও অনুমোদনহীন ভবনে হাসপাতাল পরিচালনার চিত্র দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি প্রশ্ন তুলেছেন, কোনো ধরনের সিডিএ অনুমোদন না থাকা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালকে নিয়মিত লাইসেন্স বা অনুমোদন দিয়ে যাচ্ছে?
সোমবার (২৪ আগস্ট) সকালে নগরের ট্রিটমেন্ট হাসপাতাল, ল্যানসেট হাসপাতাল, শেভরন বেলভিউ ও একুশে হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান নিজেই। এসময় প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল আজম ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে দেখা গেছে ল্যানসেট হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, আবাসিক ভবনে হাসপাতাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবনটিতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই এবং পার্কিংয়ের নির্ধারিত স্থানে দোকান পরিচালিত হচ্ছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থারও ঘাটতি পরিলক্ষিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে এক মাসের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিদ্যমান ভবনে হাসপাতাল পরিচালনার উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ভবনের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ট্রিটমেন্ট হাসপাতালের অবস্থা আরো ভয়াবহ পরিদর্শনে পার্কিংয়ের স্থানে সিলিন্ডার রাখা এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকার বিষয়টি পরিলক্ষিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শেভরন হাসপাতালের অবস্থা যদিও সন্তোষ জনক তারপরও হাসপাতালের বেসমেন্টে পার্কিং ব্যবস্থা থাকলেও নিচতলায় নকশা অনুযায়ী নির্ধারিত পার্কিং স্থানে পর্যাপ্ত পার্কিং পাওয়া যায়নি। নিচতলায় অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে তিন মাসের সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে রোগীদের যানবাহন যাতে পার্কিং এলাকায় সহজে প্রবেশ করতে পারে এবং হাসপাতালের পার্কিং ব্যবহারে রোগীদের আরও উৎসাহিত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বেলভিউ হাসপাতাল হাসপাতালটির কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। বিদ্যমান পার্কিং ব্যবস্থা মোটামুটি সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে। তবে অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত স্থানে পার্কিং পাওয়া যায়নি। নির্ধারিত স্থানে অ্যাম্বুলেন্স পার্কিং নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
উৎসব সুপারমার্কেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামীকালের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল এর পার্কিং ব্যবস্থাপনা নেই। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। অনুমোদিত নকশা নিয়ে কর্তৃপক্ষকে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments