গিনিতে ময়লার স্তূপ ধসে বহু হতাহত, নিহত অন্তত ৩০
গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে কোনাক্রির দার-এস-সালাম এলাকার একটি বড় বর্জ্য ফেলার স্থানে এ দুর্ঘটনা ঘটে। আবর্জনার বিশাল স্তূপ ধসে আশপাশের কয়েকটি বাড়ির ওপর পড়ে।
ধসের পর ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।
নিখোঁজদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। খননযন্ত্রের সাহায্যে আবর্জনার স্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারাও।
স্থানীয় এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তাঁর পাঁচ সন্তান মারা গেছে। এলাকার নেতা লানসিনে সিল্লা জানান, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান তদারক করছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।
বর্জ্য ফেলার এই স্থানটিতে এর আগেও প্রাণঘাতী ধসের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।
Comments