চবির ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ, আবেদন শুরু ১৫ নভেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। এবারও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইনের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
কর্তৃপক্ষের প্রকাশিত সম্ভাব্য সূচি অনুযায়ী, বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের পরীক্ষা হবে ২০২৭ সালের ৩০ জানুয়ারি। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটের পরীক্ষা হবে ২৯ জানুয়ারি। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত 'বি' ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।
এ ছাড়া 'বি-১' উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, 'বি-২' উপ-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি এবং 'ডি-১' উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
মূল ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই সময় অনুষ্ঠিত হবে। তবে 'বি-১', 'বি-২' ও 'ডি-১' উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে।
চবির ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, আগের বছরের মতো এবারও তিন বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
Comments