পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের
জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পদ্মা ব্যাংক পিএলসির প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এ মামলার অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদকের অনুমোদিত মামলায় আসামি করা হয়েছে এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম ও মমিনুর রহমানের মামা মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুল মতলেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) কর্নেলিয়াস গমেজ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়াকে।
এ ছাড়া আসামিদের তালিকায় রয়েছেন সাবেক ম্যানেজার অপারেশন (এফভিপি) এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওসার হোসেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকিং কার্যক্রমে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেন। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, আত্মসাতের পর ওই অর্থের সঙ্গে অর্থ পাচারসংক্রান্ত অপরাধও সংঘটিত হয়েছে।
এসব অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, মামলাটিতে ঋণ অনুমোদন ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশি ঋণগ্রহীতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আসামি করা হচ্ছে।
Comments