যুক্তরাষ্ট্রে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা বন্ধ করে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া অধ্যয়ন কার্যক্রম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানায় মার্কিন দূতাবাস।
বার্তায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা ছেড়ে দেন, নিয়মিত ক্লাসে অংশ না নেন অথবা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের স্টাডি প্রোগ্রাম থেকে সরে দাঁড়ান, তাহলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।
এ ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে দূতাবাস।
মার্কিন দূতাবাস শিক্ষার্থীদের সম্ভাব্য জটিলতা এড়াতে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
Comments