বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।
শুক্রবার (২১ আগস্ট) দেওয়া রায়ে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস বলেন, ভিসা প্রক্রিয়া বন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আদালতের মতে, শুধু আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা স্থগিত করা দেশটির অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের এ নীতি কার্যকর হয়। এতে বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক ছাড়াও লাতিন আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, বলকান ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের ভিসা আবেদনকারী ক্ষতিগ্রস্ত হন।
তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের কিছু অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন।
তবে আদালত বলেছে, কেবল জাতীয়তার ভিত্তিতে ভিসার নির্দিষ্ট শ্রেণির আবেদন পুরোপুরি বন্ধ করার এমন নীতি আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অভিবাসন অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন এবং সংশ্লিষ্ট দেশের নাগরিকদের স্বজনদের জন্য আবেদন করা মার্কিন নাগরিকদের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। জাতীয় নিরাপত্তা ও সরকারি সম্পদের ওপর চাপ কমানোর যুক্তিতে প্রশাসন বিভিন্ন ধরনের অভিবাসন ও আশ্রয়প্রক্রিয়ায় একাধিক বিধিনিষেধ আরোপ করেছে।
Comments