নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এবার ইন্টারপোলে তুরস্ক
গাজামুখী 'গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা'–সংক্রান্ত মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরায়েলি সেনাসদস্য আফেক মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে তুরস্ক।
দেশটির আইনমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
গুরলেক জানান, গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর তাদের আন্তর্জাতিকভাবে শনাক্ত ও গ্রেফতারের প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে মামলাটির বিচার চলছে। এতে মোট ৩৫ জন আসামি রয়েছেন। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কথিত সশস্ত্র হস্তক্ষেপ এবং তাদের আটকের ঘটনাকে কেন্দ্র করেই মামলাটি করা হয়েছে।
নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, বেআইনিভাবে স্বাধীনতা হরণ, সম্পদের ক্ষতি, ডাকাতি এবং পরিবহণযান ছিনতাইয়ের মতো অভিযোগও রয়েছে।
গুরলেক বলেন, গাজায় সংঘটিত অপরাধের বিষয়টি আড়াল করা বা দায়ীদের কোনো ধরনের দায়মুক্তি দেওয়ার সুযোগ তুরস্ক দেবে না।
এদিকে তুরস্কের এ উদ্যোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ আগস্ট) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে 'ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক' হিসেবে আখ্যায়িত করে। একই সঙ্গে তুরস্ক মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়। তুরস্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছে ইসরায়েল।
গত মে মাসে তুরস্কের নেতৃত্বে গাজার উদ্দেশে যাত্রা করা একটি নৌবহরে চার শতাধিক মানবাধিকারকর্মী ছিলেন। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী নৌবহরটি আটকে দেয় এবং কর্মীদের আটক করে। পরে তাদের সঙ্গে আচরণ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ঘটনায় ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াতেও বিচারিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
সূত্র: এএফপি ও আনাদোলু এজেন্সি
Comments