আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত
বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া আজ শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে। সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। এ কার্যক্রম চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্য শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবেন। বদলি আবেদনের সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ১১টায় আবেদন কার্যক্রম চালু হবে। আবেদন করতে শিক্ষকদের মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা ২০২৬ সালের সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী এ কার্যক্রমে অংশ নিতে পারবেন। প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সংশ্লিষ্ট সব এমপিওভুক্ত শিক্ষক এই সুযোগ পাবেন।
টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহযোগিতায় তৈরি সফটওয়্যারের মাধ্যমে পুরো বদলি কার্যক্রম পরিচালনা করা হবে।
যেভাবে আবেদন করবেন
একজন শিক্ষক নিজের পছন্দ অনুযায়ী সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে পছন্দের প্রতিষ্ঠানগুলো ক্রমানুসারে নির্বাচন করতে হবে।
শিক্ষকের আবেদন পাওয়ার পর বদলি নীতিমালার শর্ত অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে তথ্য যাচাই করা হবে। যাচাই শেষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বদলির আদেশ জারি করা হবে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষককে প্রথমে তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলার প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে হবে। নিজ জেলায় উপযুক্ত শূন্য পদ না থাকলে একই বিভাগের অন্য জেলায় থাকা শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকবে।
Comments