নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৫০ জনের মৃত্যু, নিহতদের বেশিরভাগ শিশু
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা উল্টে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গোরোনিও স্থানীয় সরকার এলাকার গোরাউয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির পর সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নাইজেরিয়ার ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি (NIWA)-এর একজন স্থানীয় কর্মকর্তা ইউসুফ জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৪০ শিশুর মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী গোরাউয়ের একটি কমিউনিটি মসজিদের সামনে দাফনের অপেক্ষায় থাকা ৫০টি মরদেহ দেখতে পান। মরদেহগুলোর অনেকগুলো মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো ছিল।
স্থানীয় এক বাসিন্দা জানান, নৌকাটিতে ধান কাটার কাজে যাওয়া কৃষিজমির মালিক ও শ্রমিকরা ছিলেন। দুর্ঘটনার সময় নৌকায় ৭০ জনের বেশি যাত্রী থাকতে পারেন বলে তিনি জানান। আরেক স্থানীয় বাসিন্দার দাবি, নৌকাটিতে ৫৭ জন ছিলেন।
সোকোতো রাজ্যের আইনসভার সদস্য নাসিরু আদামু জানান, নৌকায় থাকা অধিকাংশ যাত্রীর বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী শরহাবিলু কিলিয়া জানান, ৪৬ জনকে ইতোমধ্যে দাফন করা হয়েছে এবং পরে আরও মরদেহ আনা হয়েছে। তার দাবি অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে।
রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার ত্রাণ ও পুনর্বাসন বিভাগের পরিচালক মুস্তাফা উমর জানান, কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং পরে দুর্ঘটনা সম্পর্কে আরও তথ্য জানানো হবে।
নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে কার্যকর না হওয়াকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। বর্ষাকালে দেশটির নদী ও নৌপথে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে একটি ফুটো নৌকা উল্টে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।
Comments