খসড়া মহাপরিকল্পনা নিয়ে চউক ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের মতবিনিময় সভা
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য বাস্তবায়নাধীন খসড়া মহাপরিকল্পনা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও নাগরিক সংগঠন পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম (এফপিসি) এর মধ্যে এক মতবিনিময় সভা হয়েছে। চলমান জনমত গ্রহণ কার্যক্রমের অংশ হিসেবে ১৮ আগস্ট বিকেলে চউক এর সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।
সভায় চউক কর্তৃক বাস্তবায়নাধীন 'চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন' প্রকল্পের পটভূমি, পরিকল্পনা এলাকা, প্রণয়ন প্রক্রিয়া এবং খসড়া মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোঃ আবু ঈসা আনছারী।
খসড়া প্রস্তাবনার বিভিন্ন দিক নিয়ে পর্যবেক্ষণ ও সুনির্দিষ্ট পরামর্শ তুলে ধরেন এফপিসি প্রতিনিধিরা। চট্টগ্রামের দীর্ঘমেয়াদি ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে মহাপরিকল্পনাটিকে আরও বাস্তবভিত্তিক ও কার্যকর করার ওপর জোর দেন চট্টগ্রাম ফোরামের প্রতিনিধিরা। একই সঙ্গে সকল অংশীজনের মতামতের সঠিক প্রতিফলন ঘটিয়ে পরিকল্পনাটি চূড়ান্ত করার আহ্বান জানানো হয়।
সভায় উন্মুক্ত আলোচনায় নগরের ভবিষ্যৎ উন্নয়ন, বাস্তবায়নযোগ্যতা ও নগর পরিকল্পনার নানা দিক উঠে আসে। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের উত্থাপিত সুপারিশসমূহ চূড়ান্ত মহাপরিকল্পনায় পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়।
চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, 'একটি কার্যকর ও বাস্তবসম্মত মহাপরিকল্পনা প্রণয়নে নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, পেশাজীবী ও নাগরিক সমাজের অভিজ্ঞতা এবং মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খসড়া মহাপরিকল্পনার ওপর প্রাপ্ত যৌক্তিক মতামতগুলো পর্যালোচনা করে চট্টগ্রামের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি সমন্বিত রূপরেখা তৈরি করা হবে'।
সভায় চট্টগ্রামের পরিকল্পিত নগর গঠনে সরকারি সংস্থা, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান চউক চেয়ারম্যান।
সভায় চউকের পক্ষে উপস্থিত ছিলেন চউক সার্বক্ষণিক সদস্য মোঃ জামিলুর রহমান এবং প্রকল্প পরিচালক মোঃ আবু ঈসা আনছারী। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের পক্ষে আলোচনায় অংশ নেন জেরিনা হোসেন, ফারুক আহমেদ, মোঃ শাহীনুল ইসলাম খান, ড. মোঃ মনজুরুল কিবরীয়া, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, মুহাম্মদ সিকান্দার খান, মোঃ জাফর আলম, এস এম শহীদ, এ বি এম এ বাসেত এবং তসলিমা মুনা।
Comments