শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে ১০ দিনের সময়
শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) এ-সংক্রান্ত চিঠি বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান চিঠিতে স্বাক্ষর করেন।
১০ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে এবং তিনি বিধিমতে ব্যবস্থা নেওয়ার আওতায় আসবেন।
বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
Comments