নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকার সড়কে ‘পিংক বাস’
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হয়েছে বিশেষ 'মহিলা বাস সার্ভিস' বা 'পিংক বাস'। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে এ সেবা চালু করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি, চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে।
শেখ রবিউল আলম বলেন, নারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে 'পিংক বাস' সেবার পরিধি আরও বাড়ানো হবে। পর্যায়ক্রমে নতুন রুটে বাস চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, নারী যাত্রীরা যাতে এই বাসে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বর্তমানে যে পরিবেশ রয়েছে, সেটিকে ভবিষ্যতে আরও উন্নত করা হবে।
ঢাকার যেসব রুটে চলবে
রাজধানীতে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল ও মোহাম্মদপুর-মতিঝিলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে 'পিংক বাস' চলাচল করবে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস রাখা হয়েছে।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলোও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করবে।
বগুড়া ও চট্টগ্রামেও সেবা
রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলাচল করবে।
চট্টগ্রামের নির্ধারিত রুটে কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত থাকবে।
বিআরটিসি আশা করছে, 'পিংক বাস' চালুর ফলে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে। পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণের সুযোগও বাড়বে।
Comments