বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার সক্রিয় সেল গঠন ও নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনকে 'অনুমাননির্ভর' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অনুমানের ভিত্তিতে তৈরি কোনো প্রতিবেদনের ওপর সরকার পদক্ষেপ নিতে পারে না।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি তৈরির চেষ্টার বিষয়টি সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি তিনি এখনো পড়েননি। প্রতিবেদনে কিছু পর্যবেক্ষণ থাকতে পারে বলে শুনেছেন। তাই বিস্তারিত না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
সরকার প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি যতটুকু শুনেছেন, প্রতিবেদনে বিষয়টি অনুমান হিসেবে তুলে ধরা হয়েছে। অনুমাননির্ভর প্রতিবেদনের ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ে জনগণই সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয়টি মূল্যায়ন করবে। তবে সরকারের দৃষ্টিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে সময় প্রয়োজন। সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে বেশ কিছু সংস্কার কার্যক্রম হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগও দেখা গেছে।
সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনে বিভিন্ন সংকট মোকাবিলায় সফলতার দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কয়েকটি সংকটময় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি হলেও বাংলাদেশে দীর্ঘ এক মাস পর্যন্ত জ্বালানি তেল বা গ্যাসের দাম বাড়ানো হয়নি বলে জানান তিনি।
দেশের গ্যাস সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটিসহ নানা কারণে সরবরাহে সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি আগের সরকারের সময়ে গ্যাসের ক্ষেত্রে যে আমদানি নির্ভরতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে।
তিনি জানান, দেশের অভ্যন্তরে এবং সমুদ্রসীমার অফশোর ও স্থলভাগে অনশোর গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশের নিজস্ব সম্পদ দিয়ে গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষিঋণের ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের অনুদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের নেওয়া পরিকল্পনা প্রায় বাস্তবায়িত হয়েছে। খাদ্য প্রকিউরমেন্ট সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি হিসেবে তিনি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন এবং এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলেও দাবি করেন।
Comments